চার দিনের রাষ্ট্রীয় সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ক্ষেত্র উন্মোচনে গুরুত্ব দেবে ঢাকা
চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করা, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, জাপান সফরে বাংলাদেশের মূল লক্ষ্য থাকবে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করা। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করে পারস্পরিক অংশীদারত্বকে আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে নির্দিষ্ট খাতভিত্তিক বিনিয়োগ ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। এ প্রেক্ষাপটে জাপানের সঙ্গে বিদ্যমান সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।
জাপানকে বাংলাদেশের অন্যতম প্রধান ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে জাপানের বিনিয়োগ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এ সফর দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার মতো খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)



