নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে ট্রাম্পের মন্তব্য, ঘিরে নতুন আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে আলোচনায় র্যাপার নিকি মিনাজ। মিশিগানে রিপাবলিকানদের এক নির্বাচনী সমাবেশে মিনাজের শারীরিক গঠনের প্রশংসা করে নতুন করে বিতর্ক ও কৌতূহলের জন্ম দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একই বিমানে ভ্রমণ থেকে শুরু করে নির্বাচনী মঞ্চে উপস্থিতি—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জনপ্রিয় র্যাপার নিকি মিনাজ। মিশিগানের পোর্ট হিউরনে আয়োজিত এক রিপাবলিকান নির্বাচনী সমাবেশে মিনাজের শারীরিক গঠন নিয়ে ট্রাম্পের মন্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সমাবেশের আগে ৪৩ বছর বয়সী এই সংগীতশিল্পী ট্রাম্পের সঙ্গে বিমানে ভ্রমণ করেন। পরে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প প্রথমে ওহাইওর সিনেটর জন হাস্টেডের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন। এরপর তাঁর দৃষ্টি যায় নিকি মিনাজের দিকে।
সমাবেশে উপস্থিত জনতার সামনে মিনাজের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘যাই হোক, একটু আগে আমি একটি সুন্দর নিতম্ব দেখেছি। নিকি মিনাজের। এটি চোখ এড়িয়ে যাওয়া কঠিন।’
এ সময় উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে। ট্রাম্প মিনাজকে দাঁড়াতে বলেন এবং তাঁর মন্তব্যে সংগীতশিল্পী অপমানিত বোধ করেছেন কি না, তা নিয়েও কথা বলেন। মঞ্চ ছাড়ার সময় তিনি মিনাজকে আগের চেয়ে আরও সুন্দর দেখাচ্ছে বলেও মন্তব্য করেন।

ট্রাম্পের প্রতি সমর্থন জানালেন নিকি মিনাজ
সমাবেশে শুধু ব্যক্তিগত প্রশংসাই নয়, রাজনৈতিক বক্তব্যের মাধ্যমেও আলোচনায় আসেন নিকি মিনাজ। তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে বলেন, ট্রাম্পের প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রে নতুন আশার সঞ্চার করেছে। তাঁর মতে, ট্রাম্প শিশুদের জন্য আরও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করছেন।
এ ছাড়া আসন্ন মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থীদের বিজয়ী করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান এই সংগীতশিল্পী।
হোয়াইট হাউসে মিনাজের সম্ভাব্য ভূমিকা নিয়ে জল্পনা
ট্রাম্পের সঙ্গে বিমানে ভ্রমণের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়ার পর নিকি মিনাজের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা আরও জোরালো হয়। ওই ভিডিওকে ঘিরে ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং হোয়াইট হাউসের প্রেস সচিব পদ নিয়ে রসিকতা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর পর থেকেই ট্রাম্প প্রশাসনে মিনাজের সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিয়োগ বা সিদ্ধান্তের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: WION



