আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন: সোনম ওয়াংচুক

বিক্ষোভের ঘটনায় আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন অথবা পদযাত্রা কর্মসূচি পালনের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।
ম্যাগসাইসাই পুরস্কারজয়ী এই আন্দোলনকর্মী আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বিক্ষোভের আগে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বার্তা দেওয়ার সময় তিনি কল্পনাও করেননি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটি ‘অঘোষিত জরুরি অবস্থার’ মধ্যে পড়বে।
ওয়াংচুক বলেন, আন্দোলনের নেতৃত্ব দিতে এতজন নেতাকে এগিয়ে আসতে দেখে তিনি আশাবাদী হয়েছিলেন। কিন্তু পরে জানতে পারেন, তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, আগামীকালের মধ্যে সবাইকে মুক্তি দেওয়া না হলে তাঁকে অনশন অথবা পদযাত্রার মতো কর্মসূচির কথা বিবেচনা করতে হবে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



