রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন গ্রেফতার

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—আ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) এবং মারজিয়া খন্দকার রিমি (২৭)।
ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, ঘটনাটিকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা এবং উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।
এর আগে, শনিবার (১০ অক্টোবর) এ ঘটনায় চারজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ।



